বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবিঃ বাসস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
রুহুল কবির রিজভী জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি উপযুক্ত সময়ে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বিএনপি। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তবে এসব কর্মসূচির দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে।
রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আরও কয়েকটি কর্মসূচির খসড়া প্রস্তুত করা হয়েছে। দলের চেয়ারম্যানের সাথে আলোচনা শেষে সেগুলো পর্যায়ক্রমে জানানো হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, দেশের স্বাধীনতার জন্য তিনি মানুষকে উজ্জীবিত করেছিলেন এবং ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে অনুপ্রাণিত করেছিলেন।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। তার দাবি অনুযায়ী, পরবর্তী সময়ে দেশে গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
রিজভীর ভাষ্য, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে যায় বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)