হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ শিশু। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে দুজন, ময়মনসিংহে একজন ও বরিশালে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮২ শিশুর।
প্রতিবেদনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৬ শিশু। ফলে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮০ হাজার ২ শিশু।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)