ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৩৫
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত
একদিনে ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেছে ২৯৪ জনের, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৯৪ হাজার।
পরিস্থিতি সামাল দিতে সচেতনতা কর্মসূচিসহ নানা উদ্যোগ নেয়া হলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। চলতি মাসে আরো অবনতি হতে পারে পরিস্থিতির। আগামী নভেম্বরেও কমবে না রোগী।
বিশ্লেষকরা বলছেন, চলতি মাসে আরো অবনতি হতে পারে ডেঙ্গু পরিস্থিতির। আগামী নভেম্বরেও কমবে না রোগী। হাসপাতালের চাপ কমাতে চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করাই এখন সবচেয়ে জরুরি।
পাঁচ দিন ধরে ডেঙ্গু আক্রান্ত শিশু ইরান শেখ মুগদা হাসপাতালে ভর্তি। প্লাটিলেট ১ লাখ ৮০ হাজার থেকে নেমে ৫৫ হাজারে। হাতে রিপোর্ট নিয়ে চিকিৎসকদের দ্বারে দ্বারে ছুটছেন উদ্বিগ্ন মা-বাবা। সন্তানের এমন আশঙ্কাজনক অবস্থায় দিশেহারা বাবা ফরিদ শেখ। সেইসাথে হাসপাতাল কর্মীদের ব্যবস্থাপনায় নিয়েও রয়েছে ক্ষোভ।
এদিকে বিছানায় সংকটাপন্ন খোরশেদ আলম। প্লাটিলেট নেমেছে ২০ হাজারে। রয়েছে শ্বাসকষ্ট। প্রিয়জনকে সুস্থ করতে পরীক্ষা, ওষুধ আর চিকিৎসকের পরামর্শের জন্য উদ্বিগ্ন স্বজনদের নিরন্তর ছোটাছুটি। অপর প্রান্তে তিন বছরের শিশু সানিম ও তার বাবা আমিনুল। শিশুর কিছুটা উন্নতি হলেও অবনতি হচ্ছে বাবার শারীরিক অবস্থার। একদিকে সন্তানের সুস্থতার আশা, অন্যদিকে বাবাকে নিয়ে শঙ্কা ও উৎকণ্ঠায় স্বজনরা।
এমন চিত্র শুধু মুগদা হাসপাতালে নয়, রাজধানীসহ দেশের সবকটি সরকারি বেসরকারি হাসপাতালেই একই চিত্র। ডেঙ্গু সংক্রমণ বাড়ার সঙ্গে প্রতিদিনই বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যু। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজারেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ২৯৪ জন।
ময়মনসিংহেও কোনোভাবেই থামছে না ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড তো দূরের কথা; বারান্দার মেঝেতেও জায়গা হচ্ছে না রোগীদের। একদিনের হিসাবে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়ালো ২৯ জনে। নতুন করে ভর্তি হয়েছে ৫১ জন। মোট রোগী ভর্তি ১২৭ জন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)