হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১২৮ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ শিশু।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ হাজার ২৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৪৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর আগে ৪ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগের ২৪ ঘণ্টাতেও হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১২৮ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭১৪ জন। আগের দিন পর্যন্ত এ সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৮০৮ জন; আগের দিন যা ছিল ২১ হাজার ৭৪৮ জন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)