হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন নতুন করে ১ হাজার ৩১০ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৯৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।
এর আগে রবিবার হামের উপসর্গ নিয়ে সারাদেশে ৯ শিশুর মৃত্যু হয়। ওইদিন নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৩৪১ জন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)