ডেঙ্গুতে ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২১৫৮
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
ডেঙ্গুতে ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২১৫৮
দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৩২৯ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৬ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৬ জন। শুধু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন।
চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনও এ হিসাবের অন্তর্ভুক্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের আগের বছরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন; মৃত্যু হয় ৫৭৫ জনের।
এর আগে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছরে এ রোগে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)