সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
সংগৃহীত ছবি
সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সাথে অনুমোদন থাকা প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা না করলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আগের সরকারের সময়ে বিপুলসংখ্যক ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। নতুন করে সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক অনুমোদনের বিষয়টি পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।
সাপের কামড়ে রোগী মৃত্যুর বিষয়ে মন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। দংশনের পর রোগী বিষধর সাপের কামড়ে আক্রান্ত কি না, তা নিশ্চিত করতে কিছু সময় পর্যবেক্ষণের প্রয়োজন হয়। তবে হাসপাতালে পৌঁছাতে দেরি হলে রোগীর অবস্থা গুরুতর হয়ে যেতে পারে। তাই সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী অক্টোবর থেকে ৫০ শয্যার হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে একসাথে ১০ জন রোগীকে ডায়ালাইসিস দেয়ার ব্যবস্থা, আধুনিক প্যাথলজি ল্যাব এবং নারী-পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের বিষয় মন্ত্রীর নজরে আনেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন তিথি এবং আবাসিক মেডিকেল অফিসার নুসরাত ফারজানা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)