Logo
×

Follow Us

অন্যান্য

এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে বাংলাদেশের ৪ অগ্রাধিকার জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে বাংলাদেশের ৪ অগ্রাধিকার জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ছবিঃ বাসস

চীনসহ এশিয়ার দেশগুলোর সাথে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও বিস্তৃত করতে চারটি বিষয়কে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ওষুধ ও স্বাস্থ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তাকে এসব অগ্রাধিকারের মধ্যে রাখা হয়েছে।

বুধবার চীনের হাইকোতে অনুষ্ঠিত ‘বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম ২০২৬ হাইকো কনফারেন্সে’ বক্তব্য দেয়ার সময় বাংলাদেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী।

ওষুধ ও স্বাস্থ্যপ্রযুক্তি বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং দেশের তৈরি ওষুধ প্রায় ১৬০টি দেশে রপ্তানি হচ্ছে। চীনের বাজারে বাংলাদেশি ওষুধের প্রবেশ আ সহজ করার পাশাপাশি এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা এবং স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোগ নির্ণয়, চিকিৎসা ও চিকিৎসা শিক্ষায় এআই ব্যবহারের বড় সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনকোলজি, প্রিসিশন মেডিসিন, রোবোটিক সার্জারি, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা এবং দূরবর্তী রোগী পর্যবেক্ষণেও আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সুস্থ বার্ধক্য নিয়েও আঞ্চলিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এশিয়ায় প্রবীণ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে পুনর্বাসন সেবা, সহায়ক প্রযুক্তি, জেরিয়াট্রিক চিকিৎসা এবং প্রবীণবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।

টিকা ও স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে গবেষণা, উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং স্থিতিশীল সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, এশিয়ার স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নির্ভর করবে দেশগুলো কতটা কার্যকরভাবে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং যৌথ দায়িত্ব পালনের সক্ষমতা তৈরি করতে পারে তার ওপর।

স্বাস্থ্যমন্ত্রী এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানান।

সম্মেলনে চীনের ১৪তম জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের চতুর্থ প্রধান নির্বাহী লিয়াং চুন-ইংসহ চীন, লাওস, মিশর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মন্তব্য করুন