‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন জুবাইদা রহমান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
ছবিঃ বাসস
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি স্কুলটিতে গিয়ে শিক্ষা, চিকিৎসা ও থেরাপি কার্যক্রমসহ শিশুদের সার্বিক বিকাশের উদ্যোগগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে জুবাইদা রহমানকে স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান। এ সময় স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।
স্কুল পরিদর্শনকালে বিভিন্ন শ্রেণিকক্ষের কার্যক্রম দেখার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম পর্যবেক্ষণ করেন জুবাইদা রহমান। স্কুলের অধ্যক্ষ তাকে শিক্ষা কার্যক্রম, কারিগরি প্রশিক্ষণ, থেরাপি সুবিধা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাসহ প্রতিষ্ঠানটির সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
বর্তমানে ‘ব্লু স্কাই’ স্কুলে ২৮ জন বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক ও থেরাপিস্ট শিশুদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনের পথে এগিয়ে নিতে কাজ করছেন। বাফওয়া ২০২১ সালে প্রতিষ্ঠানটি চালু করে। এখানে প্রতি পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদার দায়িত্ব পালন করেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগও রয়েছে প্রতিষ্ঠানটিতে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থীকে সহকারী থেরাপিস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
পরিদর্শনের অংশ হিসেবে জুবাইদা রহমান বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের কার্যক্রম ঘুরে দেখেন। প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও পরিদর্শন করেন তিনি।
পরে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং ‘বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জুবাইদা রহমান। অনুষ্ঠানে শিশুরা গান, নৃত্য ও ফ্যাশন শোসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে বাফওয়ার উদ্যোগগুলোর প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশ নেন জুবাইদা রহমান। পরে বাফওয়া ও ওডব্লিউসিসির পক্ষ থেকে তার হাতে শুভেচ্ছা স্মারক এবং বিশেষ উপহার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ছবি তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বাফওয়া ও ওডব্লিউসিসির সভানেত্রী সালেহা খান স্বাগত বক্তব্য দেন। এ সময় বাফওয়া ও ‘ব্লু স্কাই’ স্কুলের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। বক্তব্য দেন স্কুলটির অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিরা এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)