২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৭১
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪০৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ১১৬ জন, রংপুর বিভাগে ৭২ জন, সিলেটে আটজন রয়েছেন।
চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে একজন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ যাবৎ মোট ৪২ হাজার ১২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৪১৮ জন চিকিৎসাধীন আছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)