মেয়াদ বাড়ল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগে ছাড়পত্রের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম
ফাইল ছবি
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ১১ থেকে ২০তম গ্রেডের ১ হাজার ৮৫৫টি পদে জনবল নিয়োগের জন্য দেওয়া ছাড়পত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পদে নিয়োগের ছাড়পত্র আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি জারি করেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৫ জুন ২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের ছাড়পত্রের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চিঠির তথ্য অনুযায়ী, ছাড়পত্রের আওতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদর দপ্তরে ১৭ ক্যাটাগরিতে ১ হাজার ৬৬৭টি এবং জেলা পর্যায়ে চার ক্যাটাগরিতে ১৮৮টি পদ রয়েছে। সব মিলিয়ে সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত পদের সংখ্যা ১ হাজার ৮৫৫টি।
সদর দপ্তরের পদগুলোর মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), পরিবার কল্যাণ পরিদর্শিকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ফিজিওথেরাপিস্ট, গবেষণা সহকারী, সহকারী লাইব্রেরিয়ান, ইপিআই টেকনিশিয়ান, টেলিফোন অপারেটর, ওয়ার্ড মাস্টার, জিনেম কিপার, টিকেট ক্লার্ক, ভেন্টিলেটর কাম মেকানিক, কিনো সুপারভাইজার, রেডিও কিপার ও কার্ডিওগ্রাফারসহ বিভিন্ন পদ।
এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদটি ১১তম গ্রেডের। এ পদের বেতনস্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। ১৪তম গ্রেডের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের বেতনস্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। আর ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতনস্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
জেলা পর্যায়ে নিয়োগের জন্য রয়েছে পরিবার পরিকল্পনা সহকারী (এফপিএ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী ও আয়া পদ। এসব পদে মোট ১৮৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া অফিস সহায়ক (এমএলএসএস) ও কুক হেলপার পদও ছাড়পত্রের আওতায় রাখা হয়েছে। অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের, যার বেতনস্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পদোন্নতি, বদলি, অবসর, চাকরিচ্যুতি বা অন্য কোনো কারণে শূন্য হওয়া পদে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না। শুধু সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদেই জনবল নিয়োগ করা যাবে।
চিঠিতে আরও বলা হয়েছে, নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার পর ১৫ কার্যদিবসের মধ্যে নিয়োগ-সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে জানাতে হবে। পাশাপাশি বর্ধিত সময়সীমার মধ্যে, অর্থাৎ ৩০ জুন ২০২৭-এর মধ্যে পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিঠিটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)