Logo
×

Follow Us

জাতীয়

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

সংগৃহীত ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় ২৯ হাজার ১৩ জন কমেছে।

সাধারণ ৯ বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এসব বোর্ডে গড় পাসের হার ৫১.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলেও ছাত্রীদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে। উত্তীর্ণদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৪৬০ জন এবং ছাত্র ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী পাস করেছেন।

শতভাগ পাস করা প্রতিষ্ঠান ১৩৯টি, শূন্য পাস ২৯৩টি

এ বছর সারা দেশে মোট ২ হাজার ৭৬০টি কেন্দ্রে ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। গত বছরের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৮৮টি বাড়লেও পরীক্ষা কেন্দ্র কমেছে ৪০টি।

ফলাফলে দেখা গেছে, এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি। অন্যদিকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি। গত বছরের তুলনায় শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

এদিকে, বিদেশের আটটি কেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। এসব কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ।

মন্তব্য করুন