Logo
×

Follow Us

জাতীয়

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

সংগ্রিহিত ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হচ্ছে। সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পরপরই দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।

পরীক্ষার্থীদের সহজে ফল সংগ্রহের সুবিধার্থে অনলাইন ও এসএমএস—দুই ধরনের ব্যবস্থাই চালু রাখা হয়েছে। এ বিষয়ে পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, শনিবার সকাল ১১টা থেকে একযোগে সব শিক্ষা বোর্ডের ফল পাওয়া যাবে। পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। একই সাথে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর যৌথ ওয়েবসাইট [https://eduboardresults.gov.bd](https://eduboardresults.gov.bd) এবং [https://educationboardresults.gov.bd](https://educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইটেও ফল ও নম্বরপত্র পাওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে মার্কশিট ডাউনলোড করা যাবে।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে সামগ্রিক ফলাফলের শিট সংগ্রহ করতে পারবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন।

এসএমএসে ফল পাওয়ার নিয়ম

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজটি হবে: HSC DHA 123456 2026। নির্ধারিত নম্বরে পাঠানোর পর ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি ফল বিতরণ করা হবে না।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল ১ নভেম্বর থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া, নির্ধারিত ফি ও অন্যান্য নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন