Logo
×

Follow Us

জাতীয়

জাপানের সাথে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

জাপানের সাথে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ছবি: মন্ত্রণালয়

জাপানের সাথে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধিতে বিকল্প অর্থায়নের সুযোগ কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে জাপানের অর্থমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরার সাথে বাংলাদেশের অর্থমন্ত্রীর এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্ব আরো সুদৃঢ় করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অবকাঠামো খাতের উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বিদ্যমান সহযোগিতাকে আরো কার্যকর করা এবং নতুন নতুন খাতে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। দেশটির আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে ইতোমধ্যে বেশ কয়েকটি বড় অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ চলার পাশাপাশি নতুন চুক্তি সম্পাদনের উদ্যোগও অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন