Logo
×

Follow Us

জাতীয়

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, বিমানের তদন্ত কমিটি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, বিমানের তদন্ত কমিটি

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, বিমানের তদন্ত কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজে কারিগরি ত্রুটির ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ২৯ অক্টোবর জাপানের নারিতা থেকে ঢাকাগামী ফ্লাইট বিজি-৩৭৭-এর যাত্রার আগে এ ত্রুটি ধরা পড়ে।

এ ঘটনায় জারি করা এক অফিস আদেশে তদন্ত কমিটিকে চার কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বিমানের পরিকল্পনা ও সময়সূচি বিভাগের প্রধানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আইনবিষয়ক ব্যবস্থাপক দায়িত্ব পালন করবেন সদস্যসচিব হিসেবে। কমিটির অন্য দুই সদস্য হলেন প্রকৌশল উৎপাদন বিভাগের প্রধান প্রকৌশলী এবং ফ্লাইট নিরাপত্তা বিভাগের উপপ্রধান।

তদন্ত কমিটিকে উড়োজাহাজটির কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি ত্রুটি নির্ণয় ও সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোর নেয়া কারিগরি এবং পরিচালনাগত পদক্ষেপ পর্যালোচনা করবে কমিটি। উড়োজাহাজটির পরবর্তী উড্ডয়ন নিরাপদ ও ঝুঁকিমুক্ত ছিল কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে।

এ ঘটনার কারণে ফ্লাইট পরিচালনায় বিলম্ব, অতিরিক্ত ব্যয়, যাত্রীদের দুর্ভোগ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাতিষ্ঠানিক সুনামের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা-ও মূল্যায়ন করবে তদন্ত দল।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা করে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা নিয়মগত ত্রুটি ছিল কি না, তা নির্ধারণের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের মাধ্যমে দায়দায়িত্ব চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ভবিষ্যতে এ ধরনের কারিগরি ত্রুটির পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। তদন্তের স্বার্থে প্রয়োজনে বিমানের অন্য কর্মকর্তাদেরও কমিটিতে যুক্ত করা যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত অফিস আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

মন্তব্য করুন