বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের শিক্ষায় উৎসাহ: শিক্ষামন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একটি শব্দের ব্যবহার নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও সাফল্যকে উৎসাহিত করাই ছিল তার বক্তব্যের মূল লক্ষ্য।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক স্পষ্টীকরণ বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করায় তিনি তার সাফল্যকে স্বাগত জানিয়েছিলেন। একই সাথে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সমাজে তৃতীয় লিঙ্গের মানুষ নানা ধরনের অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হন। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে তাদের শিক্ষায় এগিয়ে আসা এবং সাফল্য অর্জনের বিষয়টিই বক্তব্যে গুরুত্ব পেয়েছিল।
শব্দ ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী জানান, বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন। তবে ওই প্রসঙ্গে তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।
দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অনুভূতির প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে তিনি বলেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাঁদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। ওই বক্তব্যে ব্যবহৃত একটি শব্দ নিয়ে আলোচনা তৈরি হওয়ার পর নিজের বক্তব্যের প্রেক্ষাপট ও শব্দচয়ন স্পষ্ট করলেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)