Logo
×

Follow Us

জাতীয়

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পাওয়ার পর এ কার্যক্রম এগিয়ে নেয়া হয়। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করল।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের ভিত্তিতে প্রথম ইউনিটের চুল্লিতে শুরু হয়েছে ক্রিটিক্যালিটি প্রক্রিয়া। এ পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন কার্যক্রম চালু করা হয়েছে। ধাপে ধাপে এ প্রক্রিয়ার মাধ্যমে চুল্লির কার্যক্রম স্থিতিশীল করা এবং নিরাপদে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো হবে।

এর আগে প্রথম ইউনিটের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় সফলভাবে শেষ হয়েছে। এ সময় স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষায় দেখা দেয়া জটিলতাও সমাধান করা হয়।

‘বি-১’ পর্যায় শেষ হওয়ার পর শুরু হয়েছে পরবর্তী ধাপ ‘বি-২’। এই পর্যায়ে প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপরই শুরু হয় ক্রিটিক্যালিটি বা চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক বিক্রিয়া চালুর প্রক্রিয়া।

সংশ্লিষ্ট প্রক্রিয়ায় ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। বিদ্যুৎ উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্যও প্রস্তুতি এগিয়ে নিচ্ছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু এবং দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের মধ্য দিয়ে রূপপুর প্রকল্পের দুই ইউনিটের কাজই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করল।

মন্তব্য করুন