সংসদীয় কূটনীতিতে ঢাকা-লন্ডন সম্পর্ক জোরদারের উদ্যোগ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
সংসদীয় কূটনীতিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দুই দেশ। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে যুক্তরাজ্যের দুই সংসদ সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সদস্য হিসেবে লর্ড হোসেন ও ইমরান হোসেন বৈঠকে অংশ নেন। আলোচনায় সংসদীয় পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
বৈঠকে শামা ওবায়েদ বাংলাদেশের সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। পাশাপাশি সমান অধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।
এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি সমর্থন জানান ব্রিটিশ সংসদ সদস্যরা। তারা বাংলাদেশের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সবার অংশগ্রহণ নিশ্চিত করে এমন ভবিষ্যৎ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট নিয়েও আলোচনা হয়। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন বলে উভয় পক্ষ মত দেয়। একই সাথে রোহিঙ্গাদের নিরাপত্তা, স্বেচ্ছাসম্মতি ও মর্যাদা নিশ্চিত করে মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করা এবং বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)