এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম
সংগৃহীত ছবি
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এর মাধ্যমে ফলাফলের অপেক্ষায় থাকা দেশের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটবে।
ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে ফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট [eduboardresults.gov.bd](https://eduboardresults.gov.bd) এবং [educationboardresults.gov.bd](https://educationboardresults.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল সংগ্রহ করা যাবে। এ ছাড়া মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত পদ্ধতিতে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।
দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়।
এদিকে, প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে এ আবেদন গ্রহণ শুরু হবে এবং চলবে ৭ নভেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। দীর্ঘ কয়েক মাসের অপেক্ষা শেষে আগামীকাল জানা যাবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যের চিত্র।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)