Logo
×

Follow Us

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনে ভোট শেষ, চলছে গণনা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে ভোট শেষ, চলছে গণনা

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া এ আসনে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘিরে ভোটারদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোট চলাকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়। তারা আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ। তাদের বিরুদ্ধে ভুয়া ভোটার হিসেবে কেন্দ্রে যাওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২১ আগস্ট বঙ্গভবনে শপথ নেন। এর পরদিন, ২২ আগস্ট, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

শূন্য আসনটিতে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তাঁর প্রতীক ধানের শীষ। অন্য প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে।

মন্তব্য করুন