চুক্তিভিত্তিক সরকারি চাকরিতে
নতুন বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম
ফাইল ছবি
নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন বিধান জারি করেছে সরকার। এ ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে ও পরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের জন্য আলাদা নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন বিধান ওই তারিখ থেকেই কার্যকর হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাঁদের চুক্তি সংশোধন করে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মীদের বেতন ১ জুলাই থেকে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসারে পুনর্নির্ধারণ করা হবে। পাশাপাশি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর বিধান অনুযায়ী তাঁরা বর্ধিত হারে বেতন পাবেন। তবে এ সুবিধার আওতায় বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত হবে না। চুক্তিতে উল্লেখ থাকা অন্যান্য প্রাপ্য ভাতা বহাল থাকবে।
নতুন প্রজ্ঞাপনে ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা এ-সংক্রান্ত আগের নির্দেশনাও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বা ভবিষ্যতে নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের বেতন নির্ধারণ করা হবে অবসরের অব্যবহিত আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপ বিবেচনায় নিয়ে। নতুন বেতন স্কেলে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপের বেতন অনুসারে চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করতে হবে। বিদ্যমান চুক্তি থাকলে প্রয়োজন অনুযায়ী তা সংশোধন করতে হবে।
এ ক্ষেত্রে চুক্তিতে নির্ধারিত যোগদানের তারিখ থেকে প্রযোজ্য বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন ও অন্যান্য ভাতা দেয়া হবে। তবে বিশেষ পরিস্থিতিতে সরকার নির্ধারিত বেতন অথবা সরকার ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পারস্পরিক সম্মতিতে চুক্তিতে উল্লেখ করা বেতনই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির মোট পেনশনের অর্থ বাদ দেয়া হবে না। পেনশনের ক্ষেত্রে কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক এবং প্রযোজ্য বিশেষ অতিরিক্ত পেনশনও বিবেচনার বাইরে রাখা যাবে না।
তবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদকালে চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশন পাওয়ার সুযোগ থাকবে না বলে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)