Logo
×

Follow Us

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সিইসি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সিইসি

ছবিঃ বাসস

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এ নির্বাচনকে ছোট করে দেখছে না কমিশন; স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ডিজিটাল ব্যবস্থায় ঠাকুরগাঁও-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব। পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিইসি জানান, ভোটের পরিবেশ সম্পর্কে কমিশন সার্বক্ষণিক খোঁজ রাখছে। এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও কার্যক্রমও ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সবার কাছে দৃশ্যমান করার ওপর গুরুত্বারোপ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটের প্রতিদ্বন্দ্বিতাকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় নির্বাচন কমিশন।

১১-দলীয় জোটের পক্ষ থেকে আগাম যেসব অভিযোগ জানানো হয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান সিইসি। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা অভিযোগকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুধু ঠাকুরগাঁও-১ নয়, দেশের প্রতিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। এ লক্ষ্যে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন সিইসি।

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে পুরো নির্বাচনী কার্যক্রম তদারকি করা হচ্ছে।

মন্তব্য করুন