চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
এর আগে গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
জাপান সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন তারেক রহমান। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরো সুদৃঢ় করার বিষয় উঠে আসে।
সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ও পারস্পরিক যোগাযোগের বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)