রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি : পিএমও
বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরো বিস্তৃত করে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সাথে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুযোগ তৈরিতে জেটরোর ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ বাড়লে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হয়। পাশাপাশি বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণ এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মাধ্যমে জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশটিকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় করে তুলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্টের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী কাতাওকা সুসুমুকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)