বাংলাদেশে কার্যালয় খুলতে পারে জেবিআইসি
প্রধানমন্ত্রীর সাথে জেবিআইসি গভর্নরের বৈঠক, গুরুত্ব পেল বিনিয়োগ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম
ছবিঃ পিএমও
বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। বৈঠকে বাংলাদেশে জেবিআইসির কার্যালয় স্থাপনের প্রস্তাবও উঠে এসেছে।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানালে প্রতিষ্ঠানটির গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির অবদান এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রধানমন্ত্রী আরো বলেন, বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য পরিবেশ উন্নত করতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)