Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

ছবিঃ পিএমও

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, কারিগরি বস্ত্র এবং পরিবেশবান্ধব ও টেকসই পোশাক উৎপাদনে বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে তৈরি পোশাক খাতে নতুন বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনশক্তি গড়ে তোলা, পণ্যে উদ্ভাবন এবং আধুনিক উৎপাদনব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশে ইউনিক্লোর বিনিয়োগ সম্প্রসারণে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানান, প্রয়োজন অনুযায়ী জমি বরাদ্দ, বিনিয়োগ অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকার সহায়তা দিতে প্রস্তুত। উৎপাদন কার্যক্রমে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানের পক্ষে ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ইয়োশিহিরো কুনিই বৈঠকে অংশ নেন।

মন্তব্য করুন