Logo
×

Follow Us

জাতীয়

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

ছবিঃ বাসস

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কোনো ধরনের বেআইনি হত্যাকাণ্ডকে সরকার সমর্থন করে না।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ বিচারবহির্ভূতভাবে কাউকে হত্যা করলে তা আইনের শাসনের পরিপন্থী। অতীতে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্য নিয়ে কাজ করছে না বলেও জানান তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কোনো আদেশ লিখিতভাবে দেয়া হলেও তা বেআইনি হলে সেটি পালন করা বাধ্যতামূলক নয়। আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করা হয়েছে। এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার পর বিবেচনা করা হবে।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া কিংবা উসকানি দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়—এ বার্তাই সরকার ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনায় তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের মালিকানা কাঠামো ও নিয়ন্ত্রক সংস্থার বিষয়ে বিএনপি সরকারের নিজস্ব পরিকল্পনা ও নীতিগত ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবিধান সংস্কার ও ঐকমত্য কমিশনের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, প্রাথমিক আলোচনার বাইরেও বিভিন্ন সংশোধনী নিয়ে কাজ চলছে। দেশে গণতান্ত্রিক ধারা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশনকে আরো সক্রিয় ও কার্যকর করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। তার ভাষ্য, সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়া নাগরিকদের অধিকার। এ অধিকার বাস্তবায়নে পুনর্গঠিত তথ্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকার ক্ষেত্রে ‘সাবেক প্রধানমন্ত্রী’ পরিচয় ব্যবহার করা যৌক্তিক কি না, তা নিয়ে তার প্রশ্ন রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে জানান তিনি। সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায়বিচার নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

মন্তব্য করুন