জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম
ছবিঃ পিএমও
বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে টোকিওর কান্তেইয়ে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে স্থানীয় সময় বেলা ১১টা ৩২ মিনিটে কান্তেইয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের সরকারপ্রধানের এ বৈঠকে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচনায় আসার কথা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে অংশ নিচ্ছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)