Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশে কার্যক্রম বাড়াতে উইনরককে রাষ্ট্রপতির আহ্বান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

বাংলাদেশে কার্যক্রম বাড়াতে উইনরককে রাষ্ট্রপতির আহ্বান

ছবিঃ বঙ্গভবন

বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে কার্যক্রম সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে বঙ্গভবনে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদির সাথে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য বিপণনের সুযোগ এবং মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে উইনরক ইন্টারন্যাশনালের আরো উদ্যোগ নেয়া প্রয়োজন। একই সাথে শিক্ষা ও কৃষিসহ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে সংস্থাটির চলমান কার্যক্রম অব্যাহত রাখা এবং এর পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি আরো বলেন, শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা এবং অভিবাসী কর্মীদের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সংস্থাটির অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকার সুযোগ সৃষ্টি, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন