সাসাকাওয়ার সাথে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
ছবিঃ পিএমও
জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাপানের রাজধানী টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
নৈশভোজে গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সাথে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ স্মরণ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে অবদান রাখার জন্য সাসাকাওয়াকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকা উৎপাদনের কারখানা স্থাপনের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জনস্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়াসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা নৈশভোজে অংশ নেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের ধারাবাহিকতায় এবারের নৈশভোজে দুই পক্ষের মধ্যে জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)