দীর্ঘ ছুটি শেষে খুলছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম
দীর্ঘ ছুটি শেষে খুলছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়
টানা ছুটির অবসান ঘটিয়ে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় আবারও শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে অক্টোবর মাসজুড়েই ছুটি থাকছে। এসব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ছুটি শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
পরবর্তী সময়ে ২২ অক্টোবর পর্যন্ত ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকে। এরপর ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১০ দিনের অবকাশ পান। ছুটি শেষে আজ থেকে আবারও শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষার্থীরা।
অন্যদিকে, কলেজ পর্যায়ে ছুটির সময়সীমা আরও দীর্ঘ। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি চলছে। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।
এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে ১ নভেম্বর রবিবার থেকে।
দীর্ঘ ছুটি শেষে বিদ্যালয় ও মাদ্রাসায় পাঠদান শুরু হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরবে। অন্যদিকে, কলেজের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরতে আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)