ছবিঃ বাসস
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন শেষে বইগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসির পৃথক সভায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এই চারটি বইয়ের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। চতুর্থ শ্রেণির নতুন বই দুটি হলো ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’। ষষ্ঠ শ্রেণির জন্য অনুমোদন পাওয়া বই দুটি হলো ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।
চতুর্থ শ্রেণির বই অনুমোদনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।
ষষ্ঠ শ্রেণির নতুন বই অনুমোদনের জন্য আয়োজিত পৃথক সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধনির্ভর করে তোলার লক্ষ্যেই নতুন বইগুলো পাঠ্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা ও নির্দেশনার আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কারিকুলাম বিশেষজ্ঞদের মতে, নতুন বইগুলো শিক্ষার্থীদের মুখস্থনির্ভর ও পরীক্ষাকেন্দ্রিক শিক্ষার গণ্ডি থেকে বের করে আনতে সহায়ক হতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আনন্দের সাথে শেখার সুযোগ বাড়ার পাশাপাশি জীবনঘনিষ্ঠ জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিকাশে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)