Logo
×

Follow Us

জাতীয়

জলবায়ু ক্ষতিপূরণে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি চিফ হুইপের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

জলবায়ু ক্ষতিপূরণে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি চিফ হুইপের

ছবি: জাতীয় সংসদ

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের করুণা বা অনুদান নয়, বরং প্রাপ্য জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা প্রয়োজন।

রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আজকের প্রজন্ম ফোরাম’ (এপিএফ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’-এর সহযোগিতায় ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিফ হুইপ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ হলেও প্রায় ২০ কোটি মানুষের এই দেশ জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাবের মুখোমুখি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে বরগুনা ও খুলনায়, নদীর পানিতে লবণাক্ততা বাড়ায় সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে। এর পাশাপাশি কৃষি ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিবছর বন্যায় মানুষের ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও বসতভিটা হারানোর ঘটনা ঘটছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ কখনো বিশ্বে সংঘাত ছড়ায়নি কিংবা অস্ত্র উৎপাদনের মাধ্যমে সংকট তৈরি করেনি। অথচ উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের প্রভাবের কারণে বাংলাদেশের সাধারণ মানুষকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই জলবায়ু তহবিলের অর্থ পাওয়ার ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা দূর করা জরুরি।

নূরুল ইসলাম মনি বলেন, জলবায়ু তহবিলের অর্থ যেন স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে যথাযথভাবে ব্যয় করা হয় এবং সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকার ও তরুণদের সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, এ ক্ষেত্রে তরুণদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুসান ভাইজ, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে ছাড়াও আয়োজক সংগঠনের প্রতিনিধি, তরুণ প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন