Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশে আবারও বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

বাংলাদেশে আবারও বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

সংগৃহীত ছবি

বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর বাংলাদেশে আবারও বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। শুক্রবার ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম শুক্রবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নেপাল থেকে ভারতের সঞ্চালনব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে।

বাংলাদেশে মৌসুমি বিদ্যুৎ রপ্তানির জন্য নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০২৪ সালের ৩ অক্টোবর পাঁচ বছর মেয়াদি চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে দৈনিক ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে।

নেপাল ইলেকট্রিসিটি অথরিটির নির্বাহী পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-কে জানান, বিদ্যুৎকেন্দ্র ও সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বিকল্প জলবিদ্যুৎ প্রকল্প থেকে রপ্তানি অব্যাহত রাখা এবং বাংলাদেশে সরবরাহ পুনরায় চালু করা নেপালের বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ বিকল্প জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের অনুমোদন দেয়ার পর রপ্তানি আবার শুরু হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যায় নেপালের ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। কেন্দ্র দুটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন থাকায় ক্ষয়ক্ষতির পর রপ্তানি কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে সংশোধিত ব্যবস্থার আওতায় সোলু খোলা ও কাবেলি বি-১ জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির অনুমতি দেয়া হয়।

বর্ষা মৌসুমে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত জলবিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করে নেপাল। এ বিদ্যুৎ আমদানির ফলে দুই দেশের জ্বালানি সহযোগিতা আরও এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন