Logo
×

Follow Us

জাতীয়

ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীদের অপতৎপরতা চালাতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

ফ্যাসিস্ট বা পলাতক  অপরাধীদের অপতৎপরতা চালাতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী কিংবা গণহত্যায় জড়িত ব্যক্তিকে অপতৎপরতা চালানোর সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রেও এবার ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতে ১৫ থেকে ১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেছে। তবে এবার সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, যা সর্বোচ্চ সংখ্যক বলে তিনি উল্লেখ করেন।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা বাড়ানোর কথাও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগে পূজার জন্য সরকার সর্বোচ্চ চার কোটি টাকা বরাদ্দ দিত। এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি পূজার ছুটি পাঁচ দিন করা হয়েছে এবং প্রতিটি পূজামণ্ডপের জন্য চালের বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মন্তব্য করুন