Logo
×

Follow Us

জাতীয়

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশের সাথে ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তার এ সফরে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে দুই দেশের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিদের সাথে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিলে অনুষ্ঠিতব্য তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এবারের এক্সপোর প্রতিপাদ্য ‘শক্তিশালী অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’।

আয়োজকদের লক্ষ্য, এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকদের সাথে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগ বাড়ানো। একই সাথে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা।

স্পেনে নির্ধারিত কর্মসূচি শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, বিভিন্ন দেশের সাথে সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে গুরুত্ব দেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ এগিয়ে নেয়া হবে।

মন্তব্য করুন