সংগৃহীত ছবি
দেশের জ্বালানি চাহিদা মেটাতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে বিপি সিঙ্গাপুর থেকে পাঁচ কার্গো এবং কাতার এনার্জি ট্রেডিং থেকে এক কার্গো এলএনজি কেনা হবে।
শনিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৫১তম সভায় এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত দুটি প্রস্তাব পর্যালোচনা শেষে অনুমোদনের সুপারিশ করা হয়।
প্রথম প্রস্তাবের আওতায় সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনা হবে। পাশাপাশি উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে প্রয়োজনে অতিরিক্ত কার্গো কেনার সুযোগ রাখার প্রস্তাবও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে ০.১৭ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। এ প্রস্তাবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।
অন্যদিকে, বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরো এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এ কার্গোটি ২০২৬ সালের ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত রয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএম সূচকের চেয়ে ০.১০ মার্কিন ডলার কম রাখার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রেও কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানির জন্য ছয় কার্গো কেনার প্রস্তাব অনুমোদিত হলো।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)