সাংবাদিকদের সুরক্ষায় স্বাধীন গণমাধ্যম কমিশনের তাগিদ ড. ইফতেখারুজ্জামানের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবিঃ বাসস
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টিআইবি ও রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম (আরডিআরএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সাংবাদিকদের দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুসন্ধানী সাংবাদিকতার সক্ষমতা বৃদ্ধি পেলে দুর্নীতির নানা দিক তুলে ধরা এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখা সহজ হবে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনেও সাংবাদিকেরা অবদান রাখতে পারবেন।
তিনি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, এসব সমস্যা সমাধানে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা প্রয়োজন। সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে আরডিআরএফের সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশে টিআইবির এ উদ্যোগ প্রশংসনীয়। দুর্নীতির প্রকৃত চিত্র তুলে ধরা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক সমাজ গড়ে তুলতে তথ্যভিত্তিক সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
তিনি আশা প্রকাশ করেন, রংপুর অঞ্চলের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে টিআইবির এ ধরনের প্রশিক্ষণ ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দিনব্যাপী কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন। প্রশিক্ষণে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে সময়োপযোগী এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বলে উল্লেখ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)