ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (২৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি আগামী ২৬ অক্টোবর সোমবার প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এরআগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৫-২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর তারিখ চূড়ান্ত করা হলো।
এবছর সারাদেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লেগে যায়।
এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি)/এইচএসসি(ভোকেশনাল)/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)