আসিফের গাড়িতে গুলি, সিএনজিতে ছিল দুই দুর্বৃত্ত
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত
ভোরের নিস্তব্ধতা ভেঙে সিএনজিচালিত অটোরিকশায় এসে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুটি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সিএনজি অটোরিকশাটিতে ছিলেন দুই ব্যক্তি।
গুলি ছুড়েই তারা মালিবাগের দিকে পালিয়ে যান। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসিফ আকবর প্রায় রাতেই মগবাজার এলাকায় তার ব্যক্তিগত আইপি স্টুডিওতে কাজ করতে আসতেন। ধারণা করা হচ্ছে, তার চলাচল ও অবস্থান সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল হামলাকারীদের। সেই সূত্র ধরেই তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে।
জানা যায়, হামলাকারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে মগবাজারের দিক থেকে এসে বিশাল সেন্টারের সামনে অবস্থান নেন। পরে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে মালিবাগের দিকে পালিয়ে যান। যে পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল, বিশাল সেন্টারের সেই এলাকার প্রায় সব সিসিটিভি ক্যামেরাই অচল। ফলে হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, শনিবার ভোরে মগবাজারে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, জানতে চাইলে ওসি বলেন, তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত, পেশাগত কিংবা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
ওসি আসাদুজ্জামান আরও জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। হামলার নেপথ্য কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)