২ ঘণ্টা কমলো মার্কেট-দোকানপাট খোলা রাখার সময়
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিংমল।
ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এতে মার্কেট ও দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা কমেছে।
গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, মার্কেট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। এ বিশেষ সুবিধা ২২ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আবার আগের নিয়মে ফিরছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আবারও বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম কার্যকর হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে সেই নিয়ম কার্যকর হয়েছে।
চলতি বছর বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করেছে সরকার। এপ্রিলের শুরুতে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়া হয়। পরে জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। এরপর গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময় রাত ৮টা নির্ধারণ করা হয়। দুর্গাপূজা উপলক্ষে সাময়িক ছাড় দেয়ার পর আজ থেকে আবার সেই সময়সূচি কার্যকর হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)