ডেঙ্গু প্রতিরোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার নির্দেশ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম
ডেঙ্গুর বিস্তার রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শ্রেণিকক্ষ, অফিস, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।
গত ১৮ অক্টোবর জারি করা এক জরুরি নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের এসব ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা, সার্বিক শৃঙ্খলা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন স্থাপনায় আকস্মিক পরিদর্শন চালান। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
মাউশির নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। জমে থাকা পানি দ্রুত সরিয়ে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে, যাতে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)