দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ২৯৪ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৫০ জন, বরিশালে ২৩১ জন, খুলনায় ২০৬ জন, রাজশাহীতে ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে প্রাণ হারান ৪১৩ জন।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সে বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৭০৫ জন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি মোকাবিলায় মশার বিস্তার রোধ এবং রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ। ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)