Logo
×

Follow Us

জাতীয়

বন্ধ কলকারখানা উৎপাদনমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

বন্ধ কলকারখানা উৎপাদনমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

বন্ধ বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিল পুনরায় চালু করে উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এসব শিল্পপ্রতিষ্ঠান সচল করার মাধ্যমে বেকারত্ব কমানো ও জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিল চালু করা সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে শিল্প খাতের উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের শিল্প খাতের বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করা জরুরি। এসব প্রতিষ্ঠান উৎপাদনে ফিরলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে, শিল্প উৎপাদন বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

চট্টগ্রামের আমিন জুট মিলস পুনরায় চালুর বিষয়ে শরীফুল আলম বলেন, মিলটিকে কীভাবে উৎপাদনমুখী করা যায় এবং এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব, তা গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, শিল্পকারখানাকে কেবল অবকাঠামো হিসেবে বিবেচনা করলে চলবে না; এগুলোকে উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যকর কেন্দ্রে পরিণত করতে হবে। এ জন্য কারখানাগুলোর বিদ্যমান সুযোগ-সুবিধা, উৎপাদন সক্ষমতা এবং বাস্তবসম্মত পরিকল্পনা পর্যালোচনা করে পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যথাযথ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে আমিন জুট মিলসসহ দেশের অন্যান্য বন্ধ শিল্পকারখানার সম্ভাবনাও কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতির ভিত্তি আরো মজবুত হবে।

তিনি জানান, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনা, শিল্প খাতকে গতিশীল করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেয়াই সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং আমিন জুট মিলসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন