ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শিক্ষামন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম
ছবিঃ বাসস
দেশে সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ধর্মীয় অধিকার চর্চায় কাউকে বাধার মুখে পড়তে হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবে।
বুধবার রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এ দেশে মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের কারণে কারও মনে কষ্ট বা নিরাপত্তাহীনতা তৈরি হোক, তা সরকার চায় না। সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, চলতি বছর কচুয়ায় দুর্গাপূজা উদ্যাপনের জন্য আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বরাদ্দ দেয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)