সাইবার নিরাপত্তাসহ গণমাধ্যমের আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম
ছবিঃ বাসস
সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আইনগুলোকে যুগোপযোগী ও কার্যকর করতে সংশ্লিষ্ট অংশীজন, টেলিভিশন চ্যানেলের মালিক এবং সংবাদপত্রের সম্পাদকদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
বুধবার রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ—সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা যায়, এমন একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে সরকার কাজ করছে। সাইবার নিরাপত্তা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য আইন সংশোধনের প্রক্রিয়াও চলমান রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামত নিয়ে কার্যকর ও সময়োপযোগী পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগতভাবে মোট ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্যমন্ত্রী। বুধবার রাতে তিনি জেলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ ও সার্কুলার রোডের পূজামণ্ডপসহ মোট নয়টি মন্দির পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা তার সাথে ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করছেন। হিন্দু-মুসলমানসহ দেশের সব নাগরিক নিরাপত্তা পাচ্ছেন—এটি অত্যন্ত আনন্দের বিষয়। দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
পূজা উদ্যাপন কমিটির নেতাদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী জানান, এবার ভোলায় পূজা চলাকালে নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার ঘটনা প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, শুধু সাংবাদিক বা কোনো নির্দিষ্ট পেশার মানুষ নন, যেকোনো নাগরিকের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা হবে। রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধ করলে অপরাধীকে আইনানুগ প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
ভোলা জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাসসকে জানান, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।
তিনি বলেন, সুশৃঙ্খল পরিবেশে পূজা উদ্যাপন সম্ভব হওয়ায় জেলা পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)