সরকার ব্যর্থ হলে ভোটেই জবাব দেবে জনগণ: চিফ হুইপ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
সংগৃহীত ছবি
সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে জনগণ ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমেই তার জবাব দেবে।
বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। তাই সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করার দায়িত্বও জনগণের। ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা উচিত। নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়েই সরকারের কাজের মূল্যায়ন প্রতিফলিত হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে চিফ হুইপ বলেন, বিপুল পরিমাণ অর্থ পাচার এবং ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এর মধ্যে বিরোধী পক্ষের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য করছাড় দিয়েছেন। এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানো গেলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে চিফ হুইপ বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। নানা সংকট ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বর্তমান সরকার দেশ পুনর্গঠনের চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে নূরুল ইসলাম মনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সম্মুখসারিতে থেকে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন তিনি। পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পালন করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁকে কারাবরণসহ নানা নির্যাতন ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরীন ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সম্মেলনের উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।
আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি সঞ্চালনা করেন গোলাম ফারুক। এতে সাংগঠনিক বক্তব্য দেন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে বিএনপির নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা সম্মেলনে অংশ নেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)