Logo
×

Follow Us

জাতীয়

সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম

সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

ছবি : পিআইডি

সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই বাংলাদেশের নাগরিক এবং সংবিধান প্রত্যেকের সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে।

বুধবার সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চললেও বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছে। এটি দেশের বড় অর্জন। সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাংলাদেশের শক্তি ও অস্তিত্বের ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, যেকোনো মূল্যে এ সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে।

তিনি আরো বলেন, কখনো কখনো গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবার দেশ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কোনো অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও অগ্রযাত্রা ব্যাহত করতে দেয়া যাবে না। পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে বসবাস করে আসছেন। মহান মুক্তিযুদ্ধসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রামে সব ধর্মের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি।

বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ উৎসবের মূল বার্তা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়। ধর্ম, বর্ণ কিংবা গোষ্ঠীগত পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সব ধর্মের মানুষ যাতে নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। পরে রাষ্ট্রপতি বঙ্গভবনে আগত অতিথি ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন