আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন। এ সময় তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শন, মোংলা বন্দরের কার্যক্রম পর্যালোচনা এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সফরের বিষয়টি নিশ্চিত করেছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও এর আশপাশের সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।
সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেয়ার কথা রয়েছে তার।
বিকেলে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন তিনি। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প ও বন্দরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেয়ার কথা রয়েছে।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, এ সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)