জ্বালানি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-আলজেরিয়া আলোচনা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আলোচনা করেছে বাংলাদেশ ও আলজেরিয়া। মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির প্রধানমন্ত্রী সাইফি ঘরিয়েবের সাথে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বুধবার রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।
বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। উভয় দেশের জনগণের কল্যাণে জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপরও তিনি গুরুত্ব দেন।
এ ছাড়া প্রকৌশলী ও জ্বালানি বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন ইকবাল হাসান মাহমুদ।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগের ফলে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
হুমায়ুন কবির আরো বলেন, দুই দেশের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের সুযোগ রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে তিনি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি ঘরিয়েব বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করাকে তার সরকার গুরুত্ব দেয়। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক পরিপূরক সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)